সাতক্ষীরার পাটকেলঘাটায় সোহাগ পরিবহনের বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে পাটকেলঘাটা থানার শাকদা ব্রিজসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনন্দ দাস শাকদা গ্রামের মৃত কৃষ্ণপদ দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আনন্দ দাস শাকদা ব্রিজসংলগ্ন মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪৪৬২) তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে মহাসড়কের পাশে রাখে এবং নিহতের মরদেহ তাঁর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে।
পাটকেলঘাটা থানার পুলিশ জানায়, চালক ও হেলপারকে আটকের জন্য অভিযান চলছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এফপি/ফ