Dhaka, Tuesday | 25 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 25 August 2026 | English
শিরোনাম:

সম্মিলিত প্রচেষ্টায় গোবিপ্রবিকে এগিয়ে নিতে চাই

নবনিযুক্ত উপাচার্য

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৬:০২ পিএম  (ভিজিটর : ১০)

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে তিনি দায়িত্ব নেন।

অধ্যাপক ড. মো. সোহেল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক। এর আগে তিনি প্রায় দুই বছর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ‘আমি এই শুভক্ষণে সবার দোয়া চাই, সবার সহযোগিতা চাই। আমাদের প্রতি মুহূর্তের কাজ হবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মঙ্গল কামনা করা। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।’

দায়িত্ব গ্রহণের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নবনিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এর আগে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো. সোহেল হাসানকে উপ-উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত-২০২৫)-এর ১০(১) ধারা অনুযায়ী উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—যেটি আগে ঘটে—কার্যকর থাকবে। এ পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনবোধে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝