বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণের মানোন্নয়ন, সাংগঠনিক সমন্বয় জোরদার এবং আধুনিক প্রশিক্ষণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে আনসার ও ভিডিপি একাডেমি পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
শনিবার (১৭ অক্টোবর) গাজীপুরের সফিপুরে অবস্থিত একাডেমি পরিদর্শনকালে তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন, ২৮তম রিক্রুট সিপাহি (পুরুষ) ব্যাচের প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং নবনির্মিত সিমুলেটর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন। এ ছাড়া তিনি বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
একাডেমিতে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মহাপরিচালক সাংগঠনিক সমন্বয়, দায়িত্ব পালনে অভিন্ন মানদণ্ড অনুসরণ, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মহাপরিচালক প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্যে দেন
পরে ২৮তম রিক্রুট সিপাহি (পুরুষ) ব্যাচের প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্যে তিনি বাহিনীর সাংগঠনিক কাঠামো, লক্ষ্য ও জননিরাপত্তায় ভূমিকা তুলে ধরেন। এ সময় ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, অঙ্গীভূত আনসার, গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) ও টাউন ডিফেন্স পার্টির (টিডিপি) কার্যক্রম এবং পারস্পরিক সমন্বয়ের গুরুত্ব ব্যাখ্যা করেন তিনি। প্রশিক্ষণার্থীদের দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান মহাপরিচালক।
একাডেমির কারিগরি, কুটিরশিল্প ও পেশাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি হস্ত ও কারুশিল্পের বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষণ ও উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্সের আওতায় থাই-চাইনিজ, বাঙালি ও ভারতীয় খাবার প্রস্তুত, কফি ও জুস তৈরি এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের নিয়মিত অনুশীলন এবং হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবমুখী ও আয়বর্ধক দক্ষতা অর্জনের নির্দেশনা দেন তিনি। অর্জিত জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দিয়ে দক্ষ জনবল তৈরিতেও ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন মহাপরিচালক।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি একাডেমিতে নবনির্মিত সিমুলেটর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন এবং ১০০ মিটার ফায়ারিং রেঞ্জ ও ফায়ারিং প্রশিক্ষণের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ ছাড়া ড্রাইভিং সিমুলেটর পরিদর্শন করে আধুনিক প্রযুক্তিনির্ভর ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের পেশাগত দক্ষতা, নিরাপদ অনুশীলন এবং কার্যক্রম পরিচালনার প্রস্তুতি বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
প্রযুক্তি ও জ্বালানি ব্যবস্থাপনার অংশ হিসেবে মহাপরিচালক সৌরবিদ্যুতের মাধ্যমে একাডেমির বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি একাডেমির কর্মকর্তা- কর্মচারীদের আবাসিক বাসস্থান, নির্মাণাধীন মসজিদ কমপ্লেক্স এবং অরণ্য রিসোর্ট পরিদর্শন করেন। এ সময় প্রশিক্ষণ অবকাঠামোর আধুনিকায়ন, বিকল্প জ্বালানির কার্যকর ব্যবহার, আবাসনসুবিধার উন্নয়ন এবং প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং আর্থসামাজিক উন্নয়নে প্রশিক্ষিত ও দক্ষ জনবল গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। মহাপরিচালকের এ পরিদর্শন বাহিনীর প্রশিক্ষণব্যবস্থার আধুনিকায়ন, সাংগঠনিক সমন্বয় জোরদার এবং কারিগরি ও পেশাভিত্তিক দক্ষতা বৃদ্ধির চলমান কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।