প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:১৪ পিএম (ভিজিটর : ৬)

সংগৃহীত ছবি
রাজধানীর হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা -কর্মচারীদের আবাসিক এলাকা ও হকারমুক্ত ফুটপাতসহ ১৩টি স্থান আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিট থেকে বেলা ১টা ৪১ মিনিট পর্যন্ত সাড়ে চার ঘণ্টার এই পরিদর্শনে বিভিন্ন স্থানের পরিচ্ছন্নতা, পরিবেশ, নাগরিক সেবার মান ও ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় বিভিন্ন স্থানে অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতা দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এসব তথ্য জানান।
চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
পরিদর্শনের একপর্যায়ে আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে যান প্রধানমন্ত্রী। সেখানে সহযোগী অধ্যাপক চিকিৎসক রফিকুল ইসলামকে তাঁর কক্ষে ধূমপান করতে দেখেন তিনি। এ ছাড়া চিকিৎসকের কক্ষটিও অপরিচ্ছন্ন ছিল।
এ ঘটনায় হাসপাতালের চেয়ারম্যানকে তাৎক্ষণিকভাবে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
এর আগে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাত দিন সময় দেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, আজিমপুর সরকারি কর্মকর্তা -কর্মচারী কোয়ার্টার পরিষ্কার -পরিচ্ছন্ন করার জন্য দুই সপ্তাহের সময়সীমা নির্ধারণ করে দেন তিনি।
হাসান শিপলু জানান, পরিদর্শনকালে বিভিন্ন স্থানের অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনাগত ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। নাগরিক সেবার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানগুলোর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা পরিদর্শন
শনিবার সকাল ৯টা ১০ মিনিটে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি রাজউক উত্তরা মডেল কলেজ পরিদর্শন করেন। পরে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার ও সরকারি বাংলা কলেজ ঘুরে দেখেন।
পরবর্তী সময়ে আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন তারেক রহমান। এসব প্রতিষ্ঠানের পরিবেশ, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন তিনি।
এরপর নিজের সাবেক শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে যান প্রধানমন্ত্রী। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা এবং বেশি করে গাছ লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান।
পরে ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, কলাবাগান স্টাফ কোয়ার্টার ও আজিমপুর সরকারি কর্মকর্তা- কর্মচারী কোয়ার্টার পরিদর্শন করেন তিনি।
হকারমুক্ত ফুটপাত পরিদর্শন
পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে মিরপুর-১০ নম্বরে হকারমুক্ত ফুটপাতও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।
ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার বিষয়টি এ সময় গুরুত্ব পায়।
পরিদর্শনকালে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে নাগরিক সেবার মান, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি বলে জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু।