Dhaka, Saturday | 17 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 17 October 2026 | English
শিরোনাম:

সাজেকের সমস্যা সমাধানে অগ্রগতি হয়েছে, বাকি বিষয়ে চলছে আলোচনা: মীর হেলাল

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:৫৬ পিএম আপডেট: ১৭.১০.২০২৬ ৪:৫৯ পিএম  (ভিজিটর : ৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সাজেকে যে সমস্যা হয়েছে, তা ইতোমধ্যে সমাধান করা হয়েছে। সব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। কিছু সমস্যা প্রশাসনিক, যা দ্রুত সমাধান করা যাচ্ছে। আবার কিছু সমস্যা রাজনৈতিক, সেগুলো সমাধানে আলোচনা চলছে। আশা করছি, সেগুলোরও সমাধান হবে।

শনিবার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলায় উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রাঙ্গামাটির প্রতিটি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে কেউ যেন গুজবে কান না দেন। এ বিষয়ে প্রশাসন প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মো. আব্দুর রকিব প্রমুখ।

সভায় জেলার সামগ্রিক উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মঠ-মন্দিরে আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভা শেষে জেলা পরিষদের সম্মেলনকক্ষে দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের ৪৭টি মন্দিরের প্রতিনিধিদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝