ফরিদপুরের নগরকান্দায় ১৪ বছর বয়সী এক তরুণীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর বাদী ও ভুক্তভোগীর পরিবারকে প্রাণনাশের হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।
সোমবার (২৪ আগষ্ট) ভাঙ্গা উপজেলার ফাইভষ্টার মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুন ২০২৬ বিকেলে বাড়ির সামনের রাস্তা থেকে ভুক্তভোগী আফসানা (ছদ্মনাম) তরুণীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে একই এলাকার রুমান খন্দকারের (২০) বিরুদ্ধে। পরে তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন ও একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়।
পরদিন ২০ জুন সকালে কৌশলে পালিয়ে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত জানায় ভুক্তভোগী।
এ ঘটনায় ভুক্তভোগীর দাদি জহুরন খাতুন বাদী হয়ে নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৭/৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে, মামলা দায়েরের পর থেকেই প্রধান অভিযুক্ত রুমান খন্দকার ও তার পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন।
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুক্তভোগী ও তার পরিবারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
ভুক্তভোগী পরিবার দ্রুত ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। তবে প্রতিপক্ষ পরিবারের সদস্যরা জানান,বিষয়টি ষড়যন্ত্র ও সম্পূর্ণ মিথ্যা।
এফপি/ফ