Dhaka, Monday | 24 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 24 August 2026 | English
শিরোনাম:

কালীগঞ্জে চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ৫

প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:১০ পিএম  (ভিজিটর : ২৬)

গাজীপুরের কালীগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সৌদি প্রবাসীর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসী, তাঁর স্ত্রী, বৃদ্ধ বাবা-মা ও বড় জাসহ পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও (মোল্লাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৩ আগস্ট কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন সৌদি প্রবাসী জসিম উদ্দিন পালোয়ানের স্ত্রী সামিয়া আক্তার।

লিখিত অভিযোগে সামিয়া বলেন, প্রায় তিন মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন তাঁর স্বামী জসিম। এরপর স্থানীয় জয়নাল মোল্লা, অলিউল্লাহ মোল্লা ও এমরান মোল্লা তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, ২১ আগস্ট দুপুর সোয়া ২টার দিকে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে ঢুকে জসিমকে মারধর শুরু করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মাথা ও হাতে গুরুতর জখম হয়।

স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে সামিয়াকেও মারধর করা হয়। পরে জসিমের বাবা নাজিম উদ্দিন (৭৬), মা মনোয়ারা বেগম (৬৮) এবং বড় জা নিপা খন্দকার (৪০) হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলার পর বাড়ির আলমারি ও আসবাবপত্র তছনছ করা হয়। এ সময় নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও রয়েছে।

আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত জসিমকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। জয়নাল মোল্লার পরিবারের একটি নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝