মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ গ্রামের লঞ্চঘাট এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযানে লঞ্চঘাট ও আশপাশের এলাকায় গড়ে ওঠা ছোট-বড় অন্তত ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করা স্থাপনার মধ্যে খাবারের হোটেল, চায়ের দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ছিল।
অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে লঞ্চঘাটের প্রবেশমুখ ও আশপাশের সরকারি জায়গা দখল করে এসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল।
তবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, তাদের কোনো ধরনের আগাম নোটিশ না দিয়েই হঠাৎ করে রোববার সকালে অভিযান শুরু করা হয়। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
অভিযানের বিষয়ে বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় এর আগেও অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আবারও সেখানে অবৈধভাবে স্থাপনা গড়ে ওঠে। তাই পুনরায় এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
তিনি আরও বলেন, লঞ্চঘাট ও এর আশপাশের সরকারি জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠতে দেওয়া হবে না। অবৈধ স্থাপনার বিরুদ্ধে বিআইডব্লিউটিএ'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/র