Dhaka, Sunday | 23 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 23 August 2026 | English
শিরোনাম:

দোকানির বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৫:২২ পিএম  (ভিজিটর : ১১)

গোপালগঞ্জের কাশিয়ানীতে দোকানে পাউরুটি কিনতে যাওয়া ৯ ও ৭ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় জসিম মুন্সী (৩৫) নামে ওই দোকানির বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের চরপরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জসিম মুন্সী ওই গ্রামের জামাল মুন্সীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক এবং পাশাপাশি একটি মুদি দোকান পরিচালনা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই শিশু আপন বোন। গত শনিবার দুপুরে তারা জসিম মুন্সীর দোকানে পাউরুটি কিনতে যায়। দোকানে পাউরুটি নেই বলে জানিয়ে জসিম তাদের পাশের একটি বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে তাদের ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়।

এ সময় শিশু দুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। স্থানীয়রা জসিম মুন্সীকে আটক করার চেষ্টা করলে তিনি সেখান থেকে পালিয়ে যান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় দুই শিশুর বাবা সুলতান মিনা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় কাশিয়ানী থানায় মামলা করেন।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝