Dhaka, Sunday | 23 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 23 August 2026 | English
শিরোনাম:

জমিসংক্রান্ত বিরোধে সাতক্ষীরায় কৃষককে পিটিয়ে হত্যা

ভারতে দুই অভিযুক্ত আটক

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৫:৫৬ পিএম  (ভিজিটর : ৫৩)

জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে সাতক্ষীরা সদর উপজেলায় জিতেন মন্ডল (৫০) নামের এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

​নিহত জিতেন মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ ইউনিয়নের গোড়িয়াডাঙ্গা গ্রামের ছিরু মন্ডলের ছেলে।

​ঘটনার পর পালিয়ে ভারতে প্রবেশের সময় শনিবার (২২ আগস্ট) ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর হাতে আটক হয়েছেন হত্যাকাণ্ডে জড়িত দুই ভাই। আটককৃতরা হলেন—নিহতের কাকা পাঁচু মন্ডলের ছেলে তপন (৩০) ও ভগেন (৩৫)।

সীমান্ত সূত্র জানায়, সাতক্ষীরা সীমান্তের বিপরীতে ভারতের বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার আমুদিয়া ক্যাম্পের বিএসএফ টহলদল তাদের আটক করে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমিতে পানি দেওয়া নিয়ে শুক্রবার সকালে জিতেন মন্ডলের সঙ্গে তাঁর কাকাতো ভাই তপন ও ভগনের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের আঘাতে জিতেন মারাত্মক জখম হন। স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশদহ ইউপি সদস্য মফিজুল ইসলাম ও চেয়ারম্যান মফিজুর রহমান জানান, ভাইদের মধ্যে জমিতে পানি সেচ দেওয়া নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত জিতেন হাসপাতালে মারা যান।

​সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, "পারিবারিক কলহের জেরে এ মারামারির ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় জিতেনের মৃত্যু হয়েছে। অভিযুক্তরা ভারতে পালানোর সময় বিএসএফের হাতে আটক হয়েছেন। আসামিদের দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে। বিজিবির মাধ্যমে পুলিশ তাদের হেফাজতে পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝