কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নে একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে হাসনাবাদ ইউনিয়নের দক্ষিণ ব্যাপারীহাট সংলগ্ন শিদলিয়ারপাড় এলাকার ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে আক্কেল মিয়া নামের এক স্থানীয় জেলে ওই ডোবায় মাছ ধরতে যান। এসময় তিনি পানিতে একটি মরদেহ ভাসতে দেখে আতঙ্কিত হয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলামকে বিষয়টি জানান। খবর পেয়ে ইউপি সদস্য নাগেশ্বরী থানা-পুলিশকে অবহিত করেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া অজ্ঞাত ওই যুবকের পরনে কালো রঙের প্যান্ট ও কোমরে একটি বেল্ট ছিল। স্থানীয়দের ধারণা, কয়েকদিন আগে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই যুবককে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে নির্জন এই ডোবায় ফেলে রেখে গেছে।
এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক প্রধান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়না তদন্তের উদ্দেশ্যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফপি/র