কারিগরি প্রশিক্ষণ নিয়ে আফ্রিকার দ্বীপরাষ্ট্র সিসিলিতে উচ্চ বেতনে চাকরির চূড়ান্ত অফার পেয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণার্থী মো. মুরাদ হোসেন।
রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (আরএসি) বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আন্তর্জাতিক শ্রমবাজারে কাজের সুযোগ পেয়েছেন নওগাঁর বদলগাছী উপজেলার বিষপাড়া গ্রামের এই যুবক।
শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুল সাকিব এ তথ্য জানান।
তিনি বলেন , মুরাদ হোসেন বাহিনীর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুর থেকে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বিষয়ে প্রশিক্ষণ নেন। অর্জিত কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে তিনি সিসিলিতে চাকরির চূড়ান্ত অফার পেয়েছেন।
আগামী তিন মাসের মধ্যে সিসিলি থেকে তার ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর কথা রয়েছে।
চাকরির চূড়ান্ত মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে অনলাইনে মুরাদ হোসেনের সাক্ষাৎকার নেওয়া হয়। এজন্য বাহিনীর উদ্যোগে গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমিতে সাক্ষাৎকার দেওয়ার ব্যবস্থা করা হয়।
এর আগে চলতি বছরের জুলাইয়ে দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সহযোগিতায় প্রাণ-আরএফএল গ্রুপের একটি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পান মুরাদ। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও চাকরির অফার পেয়েছিলেন তিনি। তবে পারিবারিক সমস্যার কারণে সে সময় দুবাই যাওয়া সম্ভব হয়নি মুরাদের।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে জাপানি ভাষা শিক্ষা (এন৪ ও এন৫ স্তর), ৬জি ওয়েল্ডিং, মেসন ও ড্রাইভিংসহ বিভিন্ন কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ। পাশাপাশি বিদেশে কাজের উপযোগী করতে সাংস্কৃতিক অভিযোজন কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।
এছাড়া কম্পিউটার ও তথ্য-প্রযুক্তিভিত্তিক দক্ষতা বাড়াতে সম্প্রতি ভ্রাম্যমাণ আইটি প্রশিক্ষণ কেন্দ্রের বাস সংযোজন করা হয়েছে। প্রশিক্ষণকে বাস্তব কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করতে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় এবং প্রশিক্ষণ-পরবর্তী সহযোগিতার উদ্যোগও নেওয়া হচ্ছে।
এফপি/অ