লবণচরা থানার হরিণটানা আশিবিঘার মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
রবিবার (২৩ আগস্ট) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বর্নি দক্ষিণপাড়া থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই আসামি হলেন, মো. ফারুক ও মাসুদুল ইসলাম কদর।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্ট সন্ধ্যায় নগরীর লবণচরা থানার হরিণটানা এলাকার বালুর মাঠে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে মঞ্জুরুল নামে এক যুবককে হত্যা করে এবং রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকা থেকে অপর যুবক নাজমুলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রথম হত্যাকান্ডের বদলা নিতেই দ্বিতীয় হত্যাকান্ড ঘটানো হয়।
হত্যাকান্ডের পর পর দুর্বৃত্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। দু'টি হত্যার ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দু'টি মামলা দায়ের করা হয়।
উন্নত প্রযুক্তির সাহায্যে র্যাব মো. ফারুক ও মাসুদুল ইসলাম কদরকে গোপালগঞ্জের বর্নি দক্ষিণপাড়া থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের লবণচরা থানায় হস্তান্তর করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
এফপি/অ