কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া নৌকার ঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জাবেদ (২১) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউছিয়া ইউনিয়নের কেরানিহাট এলাকার বাসিন্দা শামসুল ইসলামের ছেলে। আহত আরোহী তানভীর বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সাতকানিয়া থেকে কয়েকজন বন্ধু কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার দুপুরে তাঁরা মোটরসাইকেলে টেকনাফের উদ্দেশে যাচ্ছিলেন। পথে মাদারবুনিয়া নৌকার ঘাট এলাকায় পৌঁছালে একটি নম্বরবিহীন মোটরসাইকেলকে ঢাকা মেট্রো-গ-১৩-৬৪৫০ নম্বরের একটি প্রাইভেটকার ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলে থাকা জাবেদ গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় তানভীর গুরুতর আহত হন।
খবর পেয়ে উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এফপি/র