ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খান।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ইউএনওর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন জনস্বার্থের বিষয় নিয়ে আলোচনা হয়। এসব ক্ষেত্রে প্রশাসনের কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও।
আল এমরান খান বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমি সাদাকে সাদা, কালোকে কালো বলতে দ্বিধাবোধ করব না। অনিয়মের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে জিরো টলারেন্স।’
তিনি বলেন, উপজেলার উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন। জনসাধারণের সমস্যা ও অনিয়মের তথ্য সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে পৌঁছালে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
মতবিনিময় সভায় বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ, সিনিয়র সহসভাপতি ফয়সল আহমেদ খান, সহসভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত, যুগ্ম সম্পাদক সেলিম মিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহাইল আহমেদ, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক সফিকুল ইসলামসহ আতিকুর রহমান লিটন, পলাশ মিয়া, আলী আহম্মদ, মোশাররফ হোসেন ও রাজন সূত্রধর উপস্থিত ছিলেন।
সভা শেষে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও আল এমরান খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এফপি/ফ