গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৩ আগস্ট ২০২৬ রবিবার রাত ৮ টায় এফভি মায়ের দোয়া নামক একটি ফিশিং বোট ১২ জন জেলেসহ মাছ আহরণকালে সুন্দরবনের দুবলার চর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে, গত ২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬ টায় উক্ত বোটের একজন জেলে বোট মালিককে কল দিয়ে বিষয়টি অবহিত করলে তিনি কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
জরুরী সেবার ফোন পেয়ে তৎক্ষণাৎ কোস্ট গার্ড স্টেশন দুবলা কর্তৃক একটি উদ্ধার অভিযান পরিচালনা করে গভীর সমুদ্র এলাকা হতে বিকল হওয়া বোটসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় এবং বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এফপি/অ