আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও লুটপাটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি। তিনি বলেছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। তাদের মাধ্যমে দেশে আর কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি হতে দেওয়া হবে না।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে যে সম্পদ লুটপাট করেছে, সেই ক্ষতি পূরণ হওয়ার নয়। তারা দেশের প্রতিটি খাত ধ্বংস করে দিয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের কোটি কোটি টাকা বিভিন্ন দেশে পাচার করা হয়েছে।
তিনি আরও বলেন, ডিজিটাল কালো আইনের মাধ্যমে দীর্ঘ ১৮ বছর দেশের মানুষের বাক্স্বাধীনতা হরণ করা হয়েছিল। বর্তমান সরকার সব গণতান্ত্রিক দলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে।
দুলু বলেন, দীর্ঘদিন পর দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। বিএনপি এই ধারা কোনোভাবেই বিপন্ন হতে দেবে না। শেখ হাসিনার হাতে কখনোই গণতন্ত্র নিরাপদ ছিল না।
সমাবেশে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এফপি/অ