কলকাতায় বসে আওয়ামী লীগের নেতারা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে নাশকতা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করছেন। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরেও আগুন দিচ্ছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
রিজভী বলেন, পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। দেশত্যাগের পরও তাঁর হত্যার নেশা ও রক্তের তৃষ্ণা শেষ হয়নি। এখনো বাংলাদেশকে অস্থিতিশীল ও রক্তাক্ত করার চেষ্টা চলছে। তবে তারেক রহমানের যোগ্য নেতৃত্বে তাদের সেই অপচেষ্টা সফল হচ্ছে না।
দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, গোপালগঞ্জ, বাগেরহাট ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের পেছনে আওয়ামী লীগের সাবেক সরকারের নেতাদের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিগত আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অর্থ লুটপাটের অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাঁর শাসনামলে বিদেশে পাচার করা অর্থের হিসাব রয়ে গেছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রকাশিত শ্বেতপত্রেও অর্থ পাচার ও দুর্নীতির চিত্র উঠে এসেছে। প্রতিবছর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে দাবি করেন তিনি।
বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ৩০ থেকে ৪০ শতাংশ অর্থ আওয়ামী লীগ নেতাদের পকেটে গেছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, এসব প্রকল্পে দুর্নীতি ও অর্থ লুটপাট না হলে সেই অর্থ দিয়ে আরও অনেকগুলো পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হতো।
সমাবেশে লৌহজং উপজেলা ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এফপি/মিব