দেশের খাদ্যভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের জেলা নওগাঁয় চলতি রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ৭৫ হাজার কৃষককে প্রণোদনা দিচ্ছে সরকার। জেলার ১১টি উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা বিনামূল্যে পাচ্ছেন সরিষার বীজ ও সার। সরকারি এ উদ্যোগে খুশি কৃষকেরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেটের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। জেলার ৭৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য ৭৫ হাজার কেজি সরিষার বীজ এবং ১৫ লাখ কেজি ডিএপি ও এমওপি সার বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রণোদনার আওতায় প্রত্যেক নির্বাচিত কৃষক এক বিঘা জমিতে সরিষা চাষের জন্য বিনামূল্যে এক কেজি উন্নত জাতের সরিষার বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার পাবেন।
গত ২৫ নভেম্বর মহাদেবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকৌশলী মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মনজুর রহমান জানান, দ্রুত সময়ের মধ্যে জেলায় প্রণোদনা বিতরণ কার্যক্রম শতভাগ সম্পন্ন হবে। এ উদ্যোগের ফলে সরিষার আবাদ ও উৎপাদন বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, চলতি মৌসুমে জেলায় ৫৮ হাজার ৭০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশাও করছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা।
এফপি/মিব