নওগাঁর মহাদেবপুরে ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলা সদর খাদ্যগুদামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ অভিযানের উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হুদা বাবুল। উদ্বোধনের দিনই উপজেলার সদর ইউনিয়নের সরমইল গ্রামের কৃষক খয়বর হোসেনের কাছ থেকে তিন মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মুহম্মদ এরশাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আরেফিন, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, উপজেলা চালকল মালিক গ্রুপের সভাপতি ও সফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসান মণ্ডল।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ রাজু, সাবেক সভাপতি ও সংসদ সদস্যের প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ মামুন এবং সিনিয়র সহসভাপতি ইমরুল কায়েস সাজু।
উপজেলার চারটি সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সদর খাদ্যগুদামের মোজাফ্ফর হোসেন, রাইগাঁ খাদ্যগুদামের মাখন চন্দ্র বর্মন, মহিষবাথান খাদ্যগুদামের উত্তম কুমার নন্দী ও সরস্বতীপুর খাদ্যগুদামের নুরুজ্জামান হোসেন উপস্থিত ছিলেন। এ সময় ধান-চাল ব্যবসায়ী মতিউর রহমান, বিদ্রোহ, আলমগীর হোসেন, আইনুল হোসেন ও হাজী জিল্লুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন হোসেনপুর মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুস ছালাম।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আরেফিন জানান, চলতি মৌসুমে মহাদেবপুর উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ১ হাজার ৬৮৭ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া মিলারদের কাছ থেকে প্রতি কেজি ৪৯ টাকা দরে ৭ হাজার ৫৭৬ মেট্রিক টন সিদ্ধ চাল এবং প্রতি কেজি ৪৮ টাকা দরে ১ হাজার ৭১৮ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।
তিনি আরও জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে। এ জন্য উপজেলার ১৩০টি হাসকিং মিল, ২০টি সিদ্ধ অটোমেটিক রাইস মিল এবং ২৩টি আতপ অটোমেটিক রাইস মিলের মাধ্যমে চাল সংগ্রহ করা হবে।
এফপি/মিব