Dhaka, Saturday | 28 November 2026
         
English Edition
   
Epaper | Saturday | 28 November 2026 | English
শিরোনাম:

পতিত স্বৈরাচার এ দেশে আর কখনো ফিরতে পারবে না: মুন্সীগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:৫১ পিএম  (ভিজিটর : ৮০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র, সীমান্তের ওপার থেকে আসা উসকানি এবং অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগরে জামি'আ হালীমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ সমান নাগরিক অধিকার নিয়ে বসবাস করবেন। প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। এ সময় খতমে নবুওয়াত সম্মেলনের দাবিগুলো যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

বিগত ১৬-১৭ বছরের শাসনামলের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ওই সময়ে বায়তুল মোকাররম ও শাপলা চত্বরে আলেম-ওলামা ও মাদ্রাসাশিক্ষার্থীদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দায়ের করা মামলাগুলোর তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। শিল্পাঞ্চলে শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা তৈরি এবং থানা, হাসপাতাল ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের উসকানি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সরকার ইতিমধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও ঘোষণা করেছে। শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে তাঁদের দাবি আদায় করেছেন। তবে একটি দুষ্কৃতকারী চক্র শ্রমিকদের ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই দেশে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। এ ছাড়া মধুপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল হামিদ পীর সাহেবসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝