পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চারটি পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে ১২ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ২০ থেকে ২৩ নভেম্বরের মধ্যে প্রদেশটির নুশকি, সিবি, পাঞ্জগুর ও কেচ জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, গত ২০ নভেম্বর নুশকি জেলায় একটি সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির পর ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর আট সদস্য নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথাও জানিয়েছে আইএসপিআর।
পরদিন ২১ নভেম্বর সিবি জেলায় সন্দেহভাজন সশস্ত্র সদস্যদের গতিবিধি শনাক্তের পর অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে আরও দুজন নিহত হন বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া ২২ ও ২৩ নভেম্বর পাঞ্জগুর ও কেচ জেলায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর আরও দুজন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।
বিবৃতিতে বলা হয়, জাতীয় কর্মপরিকল্পনার (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) আওতায় ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির অংশ হিসেবে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। দেশ থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত এসব অভিযান পূর্ণ গতিতে চলবে বলেও উল্লেখ করা হয়।
এদিকে বেলুচিস্তানে পরিচালিত এসব অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তাঁর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান চালানোর জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন তিনি।
বিবৃতিতে জারদারির বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক সাফল্য দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তাদের অঙ্গীকার এবং আত্মত্যাগের প্রমাণ। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ ও বিদেশি মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
পাকিস্তানে সাম্প্রতিক সময়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার ঘটনা বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে এসব হামলার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। গত সপ্তাহে বেলুচিস্তানের মাস্তুং জেলায় পৃথক দুটি নিরাপত্তা অভিযানে ১৫ জন সশস্ত্র সদস্য নিহত হন বলে জানায় দেশটির নিরাপত্তা বাহিনী।
এর আগে গত ১৪ নভেম্বর বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় একাধিক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে একজন মেজরসহ চার সেনাসদস্য নিহত এবং ২৪ জন সশস্ত্র সদস্য নিহত হওয়ার তথ্য জানায় পাকিস্তানি সেনাবাহিনী।
এ ছাড়া ১ নভেম্বর বেলুচিস্তানের কাচি ও খারান জেলায় দুটি পৃথক অভিযানে এক সেনাসদস্য নিহত এবং ১৭ জন সশস্ত্র সদস্য নিহত হওয়ার কথা জানানো হয়।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) তথ্য অনুযায়ী, ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পাকিস্তানে সশস্ত্র হামলার সংখ্যা কমলেও প্রাণহানি ও আহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, এতে দেশজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর হুমকির তীব্রতা এবং নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনশীল চিত্র ফুটে উঠেছে।
ওই সময়ে খাইবার পাখতুনখোয়া ছিল সবচেয়ে বেশি সহিংসতাপ্রবণ প্রদেশ। সেখানে ১৬টি হামলায় ৪৪ জন নিহত হন। অন্যদিকে বেলুচিস্তানে ১৩টি হামলায় আটজন নিহত এবং ১৯ জন আহত হন। সাবেক উপজাতীয় জেলাগুলোতে হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এফপি/মিব