নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মো. আব্বাস আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানা-পুলিশের একটি দল উপজেলার ভারশোঁ ইউনিয়নের ঘোনা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঘোনা গ্রামের মৃত বদর আলী মণ্ডলের ছেলে মো. আব্বাস আলী গাঁজা বিক্রির সঙ্গে জড়িত। পরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে গোয়ালঘরে তল্লাশি করা হয়। এ সময় গোয়ালঘরের ভেতরে গোবরের খড়ির নিচে নীল রঙের পলিথিনে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় গাঁজা পাওয়া যায়। পরে আব্বাস আলী নিজ হাতে প্যাকেটটি বের করে দিলে পুলিশ সেখান থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এফপি/মিব