সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লাশের রাজনীতিতে বিশ্বাস করে না। বরং পলাতক স্বৈরাচারী গোষ্ঠী এ ধরনের রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছে। জনগণকে সঙ্গে নিয়েই সব অন্যায়, অবিচার ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী।
তিনি বলেন, কারা আগুন-সন্ত্রাস করছে, কারা সংসদ সদস্যদের বাড়িতে আগুন দিচ্ছে, কারা মানুষকে ছুরিকাঘাত করছে—সেটি ইতিহাসই বলে দেবে। হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ইতিহাস রয়েছে নিষিদ্ধ ঘোষিত ওই রাজনৈতিক দলের। ১৯৭২ সাল থেকেই তারা এ ধরনের কর্মকাণ্ড করে আসছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে মানুষের ওপর গুলি চালিয়ে ১ হাজার ৪০০ জনকে হত্যা করা হয়েছে। প্রায় ৩০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছেন।
ডা. জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগ আবারও পুরোনো কায়দায় পেশিশক্তির মাধ্যমে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং নিজেদের মতামত মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে জনগণ এ বিষয়ে সচেতন। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণ তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ, এ দেশের মানুষ জানে কীভাবে গণতন্ত্র রক্ষা করতে হয়, গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হয় এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হয়। দেশের ভবিষ্যৎ নির্ধারণে এ দেশের মানুষ অতীতেও ভুল করেনি বলে আমরা বিশ্বাস করি।
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, আগামী দিনে যারা দিবাস্বপ্ন দেখছে, যারা আসামি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েও বিভিন্ন ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের কীভাবে প্রতিহত করতে হয়, তা এ দেশের মানুষ জানে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে এসে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন করবেন বলে জানান সমাজকল্যাণমন্ত্রী। একই দিনে দেশের ১৩২টি উপজেলায় এ কর্মসূচি উদ্বোধন করা হবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন বলেন, এটি বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। প্রথম পর্যায়ে হতদরিদ্র ও দরিদ্র পরিবারের সদস্যরা এ সুবিধা পাবেন। এ ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ কিংবা ধর্মীয় পরিচয়ের কোনো ভেদাভেদ থাকবে না।
তিনি জানান, চলতি বছর প্রথম পর্যায়ে প্রায় ৪১ লাখ পরিবারকে এ সুবিধা দেওয়ার পরিকল্পনা থাকলেও মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পর প্রায় ৮০ লাখ পরিবারের সম্ভাব্য তালিকা পাওয়া যাচ্ছে। এ ছাড়া কৃষকদের সহায়তায় কৃষক কার্ড এবং মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার ধর্মীয় নেতাদের জন্যও সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৪ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি শুরু করেছেন। পর্যায়ক্রমে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহবার উদ্দিন, জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।
এফপি/মিব