Dhaka, Sunday | 29 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 29 November 2026 | English
শিরোনাম:

বরগুনায় সড়কের গর্তে উল্টে পানিতে গাছবোঝাই টমটম, প্রাণ গেল শ্রমিকের

বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:২০ পিএম  (ভিজিটর : ৩৭)

বরগুনা সদর উপজেলায় মেহগনি গাছবোঝাই একটি টমটম উল্টে পানিতে পড়ে সুমন মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যগুদিঘাটা গ্রামের ঘটবাড়ীয়া-টু-মধ্য ডৌয়াতলা পাকা সড়কের আকন বাড়ির উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুমন মিয়া বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের আয়লা-চান্দখালী কলেজগেট এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা শহরের দিক থেকে ঘটবাড়িয়ার দিকে যাচ্ছিল মেহগনি গাছবোঝাই টমটমটি। গাড়ির ওপর সুমনসহ কয়েকজন শ্রমিক ছিলেন। পথিমধ্যে আকন বাড়ির উত্তর পাশে সড়কের একটি গর্তে পড়ে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পানিতে উল্টে যায়। এতে গাড়ির ওপর থাকা শ্রমিকরা দুর্ঘটনার শিকার হন।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। সন্ধ্যা ৬টার দিকে সুমনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।  এবং ড্রাইভার ও অন্য এক শ্রমিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তারা ঘটনার পরপরই আতঙ্কিত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে ধারনা করেছে স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ী ইউনিয়নের মধ্যটুকু তলা থেকে ঘটবাড়িয়া পর্যন্ত সড়কটির দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। এর আগেও এ সড়কে একাধিক দুর্ঘটনায় অনেকে আহত হয়েছেন। বারবার দুর্ঘটনা ঘটলেও সড়কটির স্থায়ী সংস্কারে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ তাদের।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। টমটমটি গাছবোঝাই অবস্থায় যাওয়ার সময় সড়কের গর্তে পড়ে উল্টে পানিতে যায়। আমরা স্থানীয়রা দ্রুত ছুটে এসে উদ্ধারকাজে অংশ নিই। দীর্ঘদিন ধরে এই সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও বেহাল অবস্থা রয়েছে। এ কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটি সংস্কার করলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসনাইন পারভেজ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার কারণ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পরও পানিতে পড়ে থাকা টমটমটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝