Dhaka, Sunday | 29 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 29 November 2026 | English
শিরোনাম:

পোল্ট্রি ফার্মে আগুন, এক রাতেই শেষ হাজার মুরগি

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ২:৫৯ পিএম  (ভিজিটর : ৭২)

খুলনার তেরখাদা উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়েছে একটি পোল্ট্রি ফার্মের প্রায় এক হাজার ব্রয়লার মুরগি। একই সঙ্গে পুড়ে গেছে মুরগির খাবার, ওষুধসহ খামারের বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত খামারি। কয়েক দিনের মধ্যেই মুরগিগুলো বিক্রির কথা ছিল। এর আগেই আগুনে সব হারিয়ে ঋণ ও ধারদেনার বোঝা নিয়ে দিশাহারা হয়ে পড়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে তেরখাদা উপজেলা সদরের ইখড়ি উত্তরপাড়া এলাকার বিসমিল্লাহ পোল্ট্রি ফার্মে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত খামারি মো. পান্নু মোল্লা জানান, গভীর রাতে পাড়া-প্রতিবেশীদের চিৎকার শুনে তাঁর ঘুম ভাঙে। বাইরে বেরিয়ে খামারে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুন পুরো খামারে ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই পুড়ে মারা যায় প্রায় এক হাজার ব্রয়লার মুরগি। আগুনে মুরগির খাবার, ওষুধ ও অন্যান্য মালামালও পুড়ে যায়।

পান্নু মোল্লা বলেন, ধারদেনা ও ঋণ করে অনেক কষ্টে খামারটি গড়ে তুলেছিলেন। মুরগির খাবার ও ওষুধও কিনেছিলেন বাকিতে। কয়েক দিনের মধ্যেই মুরগিগুলো বিক্রির কথা ছিল। সেই টাকা দিয়ে ঋণ পরিশোধসহ সংসারের প্রয়োজন মেটানোর পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু আগুনে সবকিছু শেষ হয়ে গেছে।

তিনি বলেন, 'রাত ২টার দিকে প্রতিবেশীদের চিৎকারে ঘুম ভাঙে। বাইরে এসে দেখি, খামারে আগুন জ্বলছে। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। ফায়ার সার্ভিসকে খবর দিয়েছিলাম, কিন্তু তারা পৌঁছানোর আগেই আমার সব পুড়ে গেছে। এখন ঋণের টাকা কীভাবে পরিশোধ করব, তা বুঝতে পারছি না।'

তেরখাদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার ও স্টেশন ইনচার্জ মো. আব্দুল মান্নান বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই তাঁরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে প্রায় এক হাজার মুরগি ও খামারের মালামাল হারিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পান্নু মোল্লা। ধারদেনা করে গড়ে তোলা খামারটি পুড়ে যাওয়ায় নতুন করে ঘুরে দাঁড়ানো নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তিনি। 

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝