Dhaka, Sunday | 29 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 29 November 2026 | English
শিরোনাম:

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:২২ পিএম  (ভিজিটর : ৩৭)

নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

শনিবার (২৮ নভেম্বর) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মনসুর রহমান। 
আগুনে স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, সকালে ঘুম থেকে উঠে ও দোকান খুলতে এসে তারা স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান।

স্থানীয় ডিম ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, সকালে ঘুম থেকে উঠে এদিকে আসার পর দেখি জুলাই স্মৃতিস্তম্ভে কে বা কারা আগুন দিয়েছে। যারা এ কাজ করেছে, তারা ঠিক করেনি। এটি অবশ্যই অন্যায়।

স্থানীয় চা দোকানি খোকন বলেন, প্রতিদিনের মতো সকাল ছয়টার দিকে দোকান খুলতে আসি। তখন দেখি, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। এতে স্মৃতিস্তম্ভটি পুড়ে কালো হয়ে গেছে। তবে কারা এ কাজ করেছে, তা আমি দেখিনি।

এ বিষয়ে নাটোর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ শিশির বলেন, আমি এ বিষয়ে অবগত ছিলাম না। এইমাত্র বিষয়টি জানতে পেরেছি। কী ঘটনা ঘটেছে এবং কারা জড়িত, তা বিস্তারিত জেনে পরে জানাতে পারব।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, রাতে পুলিশের টহল চলছিল। আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় যারাই জড়িত থাকনা কেন তাদের তদন্তর মাধ্যমে আইনের আওতায় আনা হবে।

নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ- সহকারী পরিচালক আক্তার হামিদ খান বলেন, সরকারি নম্বরে আমরা আগুন দেওয়ার ঘটনার খবর পাই। ঘটনাস্থলে যাওয়ার আগে টহলরত পুলিশের মাধ্যমে জানতে পারি, আগুন নিভে গেছে। এ কারণে পরে আর সেখানে যাওয়া হয়নি।

এফপি/অ 

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝