মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও ২৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অভিযান চলাকালে ওই এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জ সদর থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোল্লাকান্দি ইউনিয়নের মাকুহাটি গ্রামের নবু (৫০), চরডুমুরিয়া গ্রামের শরিফ খান (৪৬) ও আমির হোসেন (৩৮) এবং কংশপুরা গ্রামের জসিম হাজী (৩৮) ও আবু সাইদ (৩০)।
ওসি মো. তছলিম উদ্দিন জানান, অভিযানে নবুর কাছ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। অন্য গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এফপি/মিব