Dhaka, Sunday | 29 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 29 November 2026 | English
শিরোনাম:

কারাফটকে শেষবারের মতো ছেলের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ২:৩৯ পিএম  (ভিজিটর : ৭৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মায়ের সান্নিধ্য আর একবার পাওয়ার অপেক্ষা ছিল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্যের। কিন্তু জীবিত অবস্থায় সেই অপেক্ষার অবসান হয়নি। শেষ পর্যন্ত সন্তানের নিথর দেহ কারাফটকে নিয়ে যাওয়ার পর দেখার সুযোগ পেলেন কারাবন্দি মা শারমিন সুলতানা শর্মী। 

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে মা-সন্তানের শেষ দেখা হয়।

পরিবারের সদস্যরা জানান, তূর্যের মরদেহ নিয়ে কারাগারে যান তার বাবা শাহাদাৎ হোসেন নিপু। পরে কারাফটকে সন্তানের মুখ শেষবারের মতো দেখেন বন্দি শারমিন সুলতানা। পরে মরদেহ নিয়ে কারাগার এলাকা ত্যাগ করেন স্বজনরা।

বিষয়টি নিশ্চিত করে শাহাদাৎ হোসেন নিপু জানান, কারাফটকে শারমিন সুলতানা তার সন্তানকে দেখেছেন। দুপুর ১২টার দিকে তাদের দেখা হয়েছে।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, শারমিন সুলতানার ছেলে তূর্যের মরদেহ শেষবারের মতো দেখানোর জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মানবিক বিবেচনায় তাকে সন্তানকে দেখানোর ব্যবস্থা করা হয়।

এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মারা যায় তূর্য। সন্তানের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো তাকে দেখতে মায়ের প্যারোলে মুক্তির আবেদন করে পরিবার। তবে প্যারোলে মুক্তি না পাওয়ায় সন্তানের মরদেহ কারাগারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন স্বজনরা।

গত ৪ অক্টোবর রাজধানীর লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার হন শারমিন সুলতানা শর্মী (৪৪)। গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার সময় বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের দেখভাল নিয়ে উদ্বেগ প্রকাশ করে কান্নায় ভেঙে পড়েন তিনি। আদালতে বারবার বলেছিলেন, তার সন্তানকে নিয়মিত ওষুধ খাওয়াতে হয় এবং বাবা-মা ছাড়া তার দেখাশোনার মতো কেউ নেই। সেদিন আদালতে শর্মীর কান্নার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের দেখভালের বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে শর্মীর মুক্তির দাবিও ওঠে। তবে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, শারমিন সুলতানা শর্মী নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝