বরিশালের আগৈলঝাড়ায় মসজিদ-সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের নুরে মদিনা মসজিদের পাশ থেকে বোমা দুটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় এসআই মাসুদ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয়দের সহযোগিতায় মসজিদ-সংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
মসজিদের পাশে হাতবোমা পড়ে থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, নাশকতা কিংবা এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বোমা দুটি সেখানে রাখা হয়ে থাকতে পারে। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে বোমা দুটি সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং এর পেছনে কোনো নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত করছে।
এফপি/অ