Dhaka, Monday | 31 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 31 August 2026 | English
শিরোনাম:

টঙ্গীর ‘মাদকের হটস্পট’ হাজির মাজার বস্তি উচ্ছেদ

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৪:২৯ পিএম  (ভিজিটর : ৩১)

গাজীপুরের টঙ্গীর মাদকের হটস্পট হিসেবে পরিচিত হাজির মাজার বস্তিতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে রাজউকের একটি প্লট দখলমুক্ত করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় টঙ্গী বাজার এলাকায় কলকারখানা অধিদপ্তরের সংলগ্ন স্থানে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। পে-লোডার, এস্কেভেটর ও বিপুলসংখ্যক শ্রমিক অভিযানে অংশ নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিলেন।

রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়াত হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা নিরাপত্তা দেন।

স্থানীয়দের ভাষ্য, হাজির মাজার বস্তিটি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযানেও সেখানে মাদক কারবার পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

অভিযান শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলায়াত হোসেন বলেন, টঙ্গীকে মাদকের সামাজিক অভিশাপ থেকে মুক্ত করা এবং সরকারি জমি পুনরুদ্ধারে এ ধরনের অভিযান কার্যকর ভূমিকা রাখবে।

রাজউকের উপপরিচালক মো. লিটন সরকার বলেন, “রাজউকের একটি প্লট দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে ছিল। প্রশাসনের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আমরা প্লটটি বুঝে নিয়েছি।”

রাজউক জানিয়েছে, দখলমুক্ত জমিতে যাতে পুনরায় অবৈধ স্থাপনা বা মাদকের স্পট গড়ে উঠতে না পারে, সে জন্য কড়া নজরদারি রাখা হবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝