মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস উল্টে আটজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। মাগুরা থেকে ঢাকাগামী বাসটি সেতুর ঢালে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে গেলে বেশ কয়েকজন যাত্রী আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের বাস থেকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহতদের মধ্যে মাগুরার সাইফুল্লাহ (৮০), লুৎফর (৬৩), চুয়াডাঙ্গার রেবেকা খাতুন (৪০), নূর ইসলাম (৪৬), রশিদা (৪০), মাগুরার শিশু ফাতেমা (৭), সাইফ (২৩) ও ফরিদপুরের আরাফাত (১৩) রয়েছেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা দেওয়ার পর উল্টে যায়। দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এফপি/ফ