কুড়িগ্রামের নাজিরপুরে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাহাবুর রহমান (২৪) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাজিরপুর ডিএম একাডেমি বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ।
ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আনিসুর রহমান জানান, সোমবার পৌনে ১০টার দিকে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে কাজী মার্কেটের আজিজ সুপার মার্কেটের সামনে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন মাহাবুর রহমান।
এ সময় আশপাশের লোকজন তাঁকে আটক করে বেঁধে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে স্কুলে নিয়ে আসে।
পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের বিষয়টি প্রমাণিত হওয়ায় মাহাবুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ বলেন, “ছাত্রীকে শ্লীলতাহানির বিষয়টি প্রমাণিত হওয়ায় অভিযুক্ত যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”
এফপি/ফ