গাজীপুরের কালীগঞ্জে নির্মাণাধীন একটি ফ্যাক্টরির ভেতরে আমগাছ থেকে মো. আব্দুল হান্নান (৫৫) নামে এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে গাছের নিচে পড়ে ছিল তাঁর ব্যবহৃত এক জোড়া বুট। এ ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য।
মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বড়ইতলা এলাকায় নির্মাণাধীন এপেক্স ফ্যাক্টরির চৌহদ্দির ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল হান্নান কুড়িগ্রামের রাজিবপুর থানার বালিয়ামারি মন্ডল এলাকার মৃত সলিমুদ্দিন আকন্দের ছেলে। তিনি ওই ফ্যাক্টরিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, ঘটনার মাত্র এক ঘণ্টা আগে ভোর সাড়ে ৪টার দিকে হান্নানকে দায়িত্বস্থলে দেখেছিলেন তাঁর ইনচার্জ। তখন সবকিছু স্বাভাবিক ছিল বলে জানা গেছে। এরপর কীভাবে তাঁর মৃত্যু হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
নিহতের ভাতিজা আব্দুল আজিজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, আমগাছের ডালে বুটের লেস দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর কাকার মরদেহ ঝুলছে। গাছ থেকে প্রায় ১০ হাত দূরে পড়ে ছিল তাঁর পরিহিত বুটজোড়া।
তিনি আরও জানান, এ ঘটনার কোনো কারণ পরিবারের সদস্যরা জানেন না। ফলে বিষয়টি নিয়ে স্বজনদের মধ্যেও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
পরিবারের সঙ্গে আলোচনা করে আব্দুল আজিজ কালীগঞ্জ থানায় অপমৃত্যুর সংবাদ দেন।
কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
ভোরের আগে দায়িত্বস্থলে থাকা এক নিরাপত্তাকর্মীর এমন মৃত্যুতে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এফপি/র