কক্সবাজারের উখিয়ায় খালের পানিতে পড়ে লালু (৯) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বরইতলী খালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লালু উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১৪ ব্লকের বাসিন্দা মো. আলী আকবরের ছেলে।
ক্যাম্প প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বরইতলী খালের ওপর নির্মিত একটি পুলে খেলছিল লালু। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে খালের পানিতে পড়ে যায় সে। পরে স্রোতের টানে শিশুটি ভেসে যায়।
ঘটনা দেখে স্থানীয় রোহিঙ্গারা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।
পরে শিশুটিকে দ্রুত ক্যাম্পসংলগ্ন হোপ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মৌলভী রশিদ উল্লাহ বলেন, খালের পানিতে ডুবে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ দাফন করা হয়েছে।
এফপি/ফ