Dhaka, Tuesday | 24 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 24 November 2026 | English
শিরোনাম:

আমতলী সদর ইউপি প্রশাসকের বিরুদ্ধে ৮ সদস্যের অনাস্থা

প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:৩১ পিএম  (ভিজিটর : ৪৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরগুনার আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক কাওসারের বিরুদ্ধে অনিয়ম, দায়িত্বে অবহেলা ও সেবাগ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। নিয়মিত অফিসে উপস্থিত না থাকায় সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন ইউনিয়ন পরিষদের সদস্যরা। 

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে বরগুনা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আট ইউপি সদস্য। বুধবার (১৮ নভেম্বর) তাঁরা এ অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক কাওসারকে নিয়োগ দেয় বরগুনা জেলা প্রশাসন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে আসছেন ইউপি সদস্যরা। তাঁদের দাবি, প্রশাসক নিয়মিত পরিষদে উপস্থিত না থাকায় জন্মনিবন্ধন, পরিচয়পত্রসহ বিভিন্ন সেবা নিতে আসা মানুষকে একাধিকবার পরিষদে এসেও ফিরে যেতে হচ্ছে।

ইউপি সদস্য বেলাল হোসেনের অভিযোগ, প্রশাসক দায়িত্ব পালনে অবহেলা করছেন এবং পরিষদের কার্যক্রমে নানা অনিয়ম করছেন। নারী ইউপি সদস্য মোসা. সাহিদা বেগমের অভিযোগ, সেবা নিতে আসা মানুষ কোনো বিষয়ে প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। এ ছাড়া ইউপি সদস্যদের সঙ্গেও খারাপ আচরণের অভিযোগ করেছেন ফিরোজ খান তাপসসহ অন্য সদস্যরা।

সেবাগ্রহীতা মো. আমির হোসেন ও সুমন মোল্লা বলেন, পরিচয়পত্র সংগ্রহের জন্য তাঁরা কয়েকবার সদর ইউনিয়ন পরিষদে গিয়েছেন। কিন্তু প্রতিবারই প্রশাসককে না পেয়ে ফিরে আসতে হয়েছে।

ইউপি সদস্য ফিরোজ খান তাপস বলেন, প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মো. মাঞ্জুরুল হক কাওসারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। সেবা নিতে আসা সাধারণ মানুষ ও ইউপি সদস্যদের সঙ্গে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। এতে সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদে এসে সেবা নিতে নিরুৎসাহিত হচ্ছেন। 

তিনি আরও বলেন, প্রশাসক মাঞ্জুরুল হক কাওসার আমতলী পৌরসভার কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করায় তাঁর দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে হয়। এ কারণে তিনি নিয়মিত ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকতে পারেন না। ফলে সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাঞ্জুরুল হক কাওসার বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। অভিযোগ করা হয়ে থাকলে তা মিথ্যা। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝