ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের ৫০ শতাংশ এবং নাগরিকদের ৫০ শতাংশ দায়িত্ব রয়েছে। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর নগর ভবনের অডিটোরিয়ামে ডিএসসিসি ও জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে ডেঙ্গুর বর্তমান প্রবণতা, প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের উদ্ভাবনী কৌশল নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।
প্রশাসক আবদুস সালাম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। গত মার্চ ও অক্টোবর মাসে পরিচালিত জরিপের তুলনামূলক চিত্রে দেখা গেছে, বিশেষ কার্যক্রমের ফলে আগে ঝুঁকিপূর্ণ থাকা কয়েকটি ওয়ার্ডের পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে উদ্বেগের বিষয় হলো, জরিপে পরিদর্শিত স্থানের প্রায় ৫০ শতাংশে বসতবাড়ির আশপাশে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ কারণে ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পক্ষ থেকে মাইকিং, লিফলেট বিতরণ এবং মসজিদে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে শুধু প্রচারণার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ির ছাদ, আঙিনা, নির্মাণাধীন ভবন এবং এসির পানি জমার স্থানসহ আশপাশের কোথাও যেন পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার, সিটি করপোরেশন, সামাজিক সংগঠন এবং নাগরিকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন প্রশাসক। তিনি জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনকে জনসচেতনতামূলক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। এ ধরনের উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।
সেমিনারে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতনতার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তাঁরা।
সেমিনারে মশার জীবনচক্র ও মশক নিয়ন্ত্রণ বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, আইসিডিডিআরবির সিনিয়র সায়েন্টিস্ট ড. শফিউল আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসির সিনিয়র এনটোমোলজিস্ট (পিআরএল) মো. রেজাউল করিম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। সভাপতিত্ব করেন জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. হামিদা খানম।
এ সময় ডিএসসিসির সচিব মো. মশিউর রহমান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়মিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
এফপি/মিব