Dhaka, Tuesday | 24 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 24 November 2026 | English
শিরোনাম:

টঙ্গীতে গঠনতন্ত্র লঙ্ঘন ও ফ্যাসিস্ট নেতৃত্বের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২:৪১ পিএম  (ভিজিটর : ৯৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নেতৃত্বের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘন, স্বেচ্ছাচারী সিদ্ধান্ত গ্রহণ ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির একাংশের নেতারা। বুধবার (১১ নভেম্বর) দুপুরে টঙ্গীর মিলগেট এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন বলেন, গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতি (রেজি. নম্বর: ঢাকা-৪২৬১) নির্ধারিত গঠনতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে সংগঠনটিতে গঠনতন্ত্র উপেক্ষা করে একচ্ছত্র আধিপত্য বিস্তার, বেআইনিভাবে পদ সৃষ্টি এবং অর্থ আত্মসাতের মতো নানা অনিয়ম চলছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একজনকে সভাপতির দায়িত্ব দিয়ে অবৈধভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ইউসুফ হোসাইন বলেন, এসব ঘটনার প্রতিবাদ করায় সংগঠনের নেতৃত্ব তাঁর এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। তাঁরা নোটিশের জবাব দিলেও সংশ্লিষ্ট নেতৃত্বের পক্ষ থেকে কোনো আইনসংগত ব্যাখ্যা দেওয়া হয়নি। তিনি সংগঠনের বর্তমান নেতৃত্বের অপসারণ এবং সাধারণ সদস্যদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন বলেন, সমিতির সব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাধারণ সদস্যদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। গোপন ভোটের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে। আদালতের স্থগিতাদেশপ্রাপ্ত সভাপতির পদ এবং গঠনতন্ত্রবিরোধীভাবে সৃষ্টি করা আইন সম্পাদক পদ বাতিল করতে হবে। পাশাপাশি গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড বন্ধ, বর্তমান নেতৃত্বের অপসারণ এবং সংগঠনে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবি জানান নেতারা।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝