প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫১ পিএম (ভিজিটর : ৪৭)
সংগৃহীত ছবি
নাটোরের নলডাঙ্গায় দুর্ঘটনাগ্রস্ত একটি সিএনজি অটোরিকশা থেকে সরিয়ে রাখা ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নলডাঙ্গা পৌরসভার বুড়িরভাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বুড়িরভাগ এলাকার মো. মঈন উদ্দিন মন্টুর ছেলে মো. পারভেজ মোস্তফা (২৫), নাছির শেখের ছেলে মো. নজরুল ইসলাম ওরফে নবা (৪০) এবং মৃত কটু প্রামাণিকের ছেলে মো. শাহাদৎ হোসেন ওরফে বিপুল (৪৩)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার শরিফুল হক।
পুলিশ সুপার জানান, গত ৮ সেপ্টেম্বর বিকেলে বুড়িরভাগ এলাকায় একটি নীল রঙের সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আহত এক যাত্রী চিকিৎসার জন্য হাসপাতালে চলে যান।
পুলিশের ভাষ্য, এ সুযোগে গ্রেপ্তার তিনজন সিএনজিতে থাকা তিনটি চটের বস্তা থেকে গাঁজা সরিয়ে নিজেদের বাড়িতে নিয়ে যান। পরে গাঁজাগুলো ছোট ছোট প্যাকেটে ভাগ করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেন তাঁরা।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে নলডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালায়। এ সময় পারভেজ মোস্তফা ও নজরুল ইসলামের কাছ থেকে ১৯ কেজি ৭৭০ গ্রাম এবং শাহাদৎ হোসেনের বাড়ি থেকে ১৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজার মোট পরিমাণ ৩৩ কেজি ৩৭০ গ্রাম। এ ঘটনায় নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।