নাটোর শহরের এক নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় দ্রুতগতির বাসের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ভ্যানচালক সাঈদ মিয়া (৪৫) এবং ভ্যানের যাত্রী মো. সাব্বির হোসেন (২৩)।
সাঈদ মিয়া বনকুড়ি এলাকার হাসান আলীর ছেলে। অপরদিকে সাব্বির হোসেন বড় হরিশপুর ইউনিয়নের জয়নগর গ্রামের জমশেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে নাটোরের দিকে আসা তাফসির পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক সাঈদ মিয়া ও যাত্রী সাব্বির হোসেনের মৃত্যু হয়।
নিহত সাঈদ মিয়ার ভগ্নিপতি জাহাঙ্গীর জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগেই সাঈদের সঙ্গে তার কথা হয়েছিল। ভাড়া খাটার উদ্দেশ্যে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই তারা দুর্ঘটনার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে সাঈদের মরদেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক-নিরস্ত্র) মো. জাকির হোসেন জানান, বাসের ধাক্কায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার পর বাসটি বড় হরিশপুর বাস টার্মিনালে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে।
এফপি/অ