Dhaka, Wednesday | 19 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 19 August 2026 | English
শিরোনাম:

গণশুনানিতে মিলছে চিকিৎসাসেবাও, বরগুনা জেলা প্রশাসনের মানবিক উদ্যোগ

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৭:৪১ পিএম  (ভিজিটর : ৭)

জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার ভোগান্তি কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরগুনা জেলা প্রশাসন। সাপ্তাহিক গণশুনানিতে অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা জানাতে আসা মানুষের মধ্যে যাদের চিকিৎসা সহায়তা প্রয়োজন, তাদের গণশুনানির স্থানেই বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক গণশুনানিতে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তারের উদ্যোগে গণশুনানির টেবিলেই চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় সেবাপ্রত্যাশীদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।

জানা যায়, সাধারণত গণশুনানিতে নাগরিকদের বিভিন্ন অভিযোগ ও আবেদন গ্রহণের পর প্রয়োজন অনুযায়ী তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হয়। তবে স্বাস্থ্যসেবা প্রত্যাশী অসহায় ও দরিদ্র মানুষের দুর্ভোগ কমাতে এবার গণশুনানির কার্যক্রমের সঙ্গে চিকিৎসাসেবাও যুক্ত করেছে জেলা প্রশাসন। এর ফলে চিকিৎসার জন্য সহায়তা চাইতে আসা ব্যক্তিরা একই স্থানেই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানোর পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাচ্ছেন।

গণশুনানিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভূমি, পারিবারিক ও সামাজিক সমস্যা, প্রশাসনিক সহায়তা এবং স্বাস্থ্যসেবাসহ নানা বিষয়ে তাদের অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক তাসলিমা আক্তার প্রত্যেকের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যার ধরন অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সময় চিকিৎসা সহায়তা চাইতে আসা ব্যক্তিদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানোর পরিবর্তে গণশুনানির স্থানেই স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শের ব্যবস্থা করা হয়। একই জায়গায় প্রশাসনিক সমস্যার সমাধানের উদ্যোগের পাশাপাশি চিকিৎসাসেবা পাওয়ায় অনেক সেবাপ্রার্থী সন্তোষ প্রকাশ করেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার বলেন, নাগরিকদের ভোগান্তি কমানো এবং সেবার মান উন্নত করাই আমাদের লক্ষ্য। জনগণের সঙ্গে প্রশাসনের সরাসরি সংযোগ তৈরিতে গণশুনানি অত্যন্ত কার্যকর। বিশেষ করে প্রান্তিক ও অসহায় মানুষের প্রয়োজনীয় সেবা সহজে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

জেলা প্রশাসনের এ উদ্যোগকে জনবান্ধব ও মানবিক বলে মনে করছেন সেবাপ্রত্যাশীরা। তাদের মতে, একই জায়গায় অভিযোগ জানানোর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ পাওয়ার সুযোগ গণশুনানিকে আরও কার্যকর ও মানুষের কাছে আস্থার জায়গায় পরিণত করছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝