রংপুরের কাউনিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ইদ্রিস আলী, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আশরাফুল ইসলাম এবং মৎস্যচাষি জিয়াউর রহমানসহ অন্যরা।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিনারা হাফিজা ফেরদৌস।
আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে কার্প মিশ্রচাষ, দেশি প্রজাতির মাছ চাষ ও রেণু উৎপাদনে সেরাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী, মৎস্যচাষি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এফপি/র