সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নাটোরের নলডাঙ্গা উপজেলার তিন প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান খান।
নিহতরা হলেন- নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের শ্রীপুরপাড়া গ্রামের মো. রাব্বানীর ছেলে সাব্বির হোসেন শুভ, দিঘীরপাড় এলাকার মো. জাখের আলীর ছেলে শামীম হোসেন এবং মহিষডাঙ্গা এলাকার আসলাম শেখের ছেলে রবিউল আউয়াল হৃদয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর আশায় কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান ওই তিন যুবক। তারা রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন। রোববার বিকেলে হঠাৎ কারখানাটিতে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার ভেতরে কর্মরত অবস্থায় আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়।
তিন প্রবাসীর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারগুলোতে চলছে আহাজারি।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান খান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ইউএনও মো. আল ইমরান খান পরিবারের সদস্যদের হাতে এই সহায়তা তুলে দেন।
এ সময় নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন এবং খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।
এফপি/ফ