Dhaka, Saturday | 8 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 8 August 2026 | English
শিরোনাম:

বিশ্ব দরবারে নাটোরের ঐতিহ্য তুলে ধরতে মহাপরিকল্পনা নেওয়া হবে: পর্যটনমন্ত্রী

প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:০৯ পিএম  (ভিজিটর : ৩৬)

ঐতিহাসিক ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জেলা নাটোরকে দেশ-বিদেশের মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে পরিকল্পিতভাবে কাজ করার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, নাটোরের ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে বিশ্বের দরবারে তুলে ধরতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করবে।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে নাটোর রাজবাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পর্যটনমন্ত্রী বলেন, “নাটোর অনেক ঐতিহ্যে ভরা একটি জেলা। আমরা যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আছি, তারা একটি টিম হিসেবে এখানে এসেছি। নাটোরের যে সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে, সেটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। শুধু বাংলাদেশের মধ্যে নয়, বিশ্বের মানুষের কাছেও নাটোরের ঐতিহ্য তুলে ধরার জন্য আমরা একটি পরিকল্পনা করব।”

তিনি আরও বলেন, এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। ধাপে ধাপে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে নাটোরকে একটি ঐতিহ্যবাহী ও আকর্ষণীয় পর্যটন জেলা হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে নাটোরের মানুষ যেন নিজেদের জেলার ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারেন, সে লক্ষ্যেও কাজ করা হবে।

মন্ত্রী বলেন, নাটোরের ঐতিহাসিক স্থাপনা, রাজবাড়ি, সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে নাটোরে পর্যটকের সংখ্যা বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজসহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝