Dhaka, Friday | 25 September 2026
         
English Edition
   
Epaper | Friday | 25 September 2026 | English
শিরোনাম:

নাটোরে গরুবাহী গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:৫১ পিএম আপডেট: ০৮.০৮.২০২৬ ১:১৫ পিএম  (ভিজিটর : ১০২)

নাটোরের গুরুদাসপুরে গরুবাহী ভুটভুটি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকার আব্দুর রহমান, আক্কাছ আলী ও তার বড় ভাই জাহাঙ্গীর আলম। তারা গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে কয়েকজন গরু ব্যবসায়ী একটি ভুটভুটিতে করে চান্দাইকোনা গরুর হাটের উদ্দেশ্যে রওনা দেন। ভুটভুটিটি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর ভুটভুটিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ভুটভুটিতে থাকা কয়েকজন গরু ব্যবসায়ী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহতদের কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনজনে। নিহতদের মধ্যে দুই সহোদর ভাই জাহাঙ্গীর আলম ও আক্কাছ আলী রয়েছেন।

এ ঘটনায় আহত আরও তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে। এ সময় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ভুটভুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ও আহতদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝