নগদহীন ও স্মার্ট লেনদেন ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে বরগুনায় Bangla QR বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় নদী বন্দর এলাকাস্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বরগুনা শাখার সামনে থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল এলাকায় গিয়ে শেষ হয়। পরে পুলিশ লাইনস্থ আরডিএফ টাওয়ারে বাংলাদেশ ব্যাংক (বরিশাল)-এর তত্ত্বাবধানে, ডাচ্-বাংলা ব্যাংক বরগুনা শাখার নেতৃত্বে এবং স্থানীয় সকল ব্যাংকের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ডাচ্-বাংলা ব্যাংকের এসইভিপি ও QRT প্রধান প্রীতম ঘোষের সভাপতিত্বে এবং পূবালী ব্যাংকের ডেপুটি জুনিয়র অফিসার মো. সগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশালের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশালের পরিচালক মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুর রহমান এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক কার্যালয়, বরগুনার উপমহাব্যবস্থাপক ও মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আকিঞ্চন বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বরগুনা শাখা প্রধান (এভিপি) মো. মাহফুজ উল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, Bangla QR চালুর মাধ্যমে দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও আন্তঃসংযুক্ত হবে। একটি মাত্র QR কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের গ্রাহকরা নির্বিঘ্নে লেনদেন করতে পারবেন। নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে Bangla QR গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি মো. মফিজুর রহমান খান চৌধুরী বলেন, Bangla QR দেশের ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আন্তঃসংযুক্ত করবে। একটি QR কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার গ্রাহকরা সহজেই লেনদেন করতে পারবেন। এটি ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পূবালী ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংকের Bangla QR সেবার প্রদর্শনী স্টল অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত রাখা হয়।
এফপি/র