টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রতিবেশগত ভারসাম্য রক্ষায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ, ২০২৫-এর আলোকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে টাঙ্গুয়ার হাওরের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)-এর ভেতরে সব ধরনের হাউজবোট ও পর্যটকবাহী নৌযানের প্রবেশ ও চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
১ আগস্ট প্রকাশিত এ গণবিজ্ঞপ্তিতে হাউজবোটের মালিক, পরিচালনাকারী ও ট্যুর অপারেটরদের জন্য ১১ দফা বাধ্যতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। এতে পর্যটকদের জন্য আচরণবিধি প্রদর্শন, উচ্চস্বরে গান-বাজনা ও পার্টি আয়োজন নিষিদ্ধ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন বন্ধ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফবয়া, অগ্নিনির্বাপক যন্ত্র, সেপটিক ট্যাংক ও ডাস্টবিন রাখা এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন সম্পূর্ণ বন্ধ রাখা, জরুরি সেবার যোগাযোগ নম্বর নৌযানে দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং হাউজবোটের দৈর্ঘ্য সর্বোচ্চ ১০০ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশনাও রয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ আগস্ট ২০২৬ এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসক, সুনামগঞ্জ বরাবর সকল হাউজবোট, নৌযান ও ট্যুর অপারেটরকে তালিকাভুক্তি ও নিবন্ধনের আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে পর্যটন কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে না এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ সংরক্ষণ এবং নিরাপদ, টেকসই পর্যটন নিশ্চিত করতেই এসব সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এফপি/অ