রাঙামাটির বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় সাজেকে পর্যটক ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।
বুধবার (১৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই জারি করা গণবিজ্ঞপ্তির নির্দেশনা সংশোধন করে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
তবে বর্ষা মৌসুমে জেলার বিভিন্ন এলাকায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা মেনে চলার জন্য পর্যটকদের অনুরোধ জানানো হয়েছে।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। সিদ্ধান্তের পরপরই বিষয়টি আমাদের অফিসিয়াল পেজে জানানো হয়েছে। আশা করছি, খুব দ্রুতই বুকিং শুরু হবে এবং বন্ধ থাকার সময়ে যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।
তিনি আরও বলেন, দেশের সব ভ্রমণপিপাসুর প্রতি আহ্বান, বর্ষায় মেঘে মোড়ানো সাজেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে সবাই আসুন।
উল্লেখ্য, গত ৭ জুলাই রাঙামাটি জেলায় টানা ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে ভূমিধস ও পাহাড়ধসের ঘটনা ঘটে। একই সঙ্গে পাহাড়ি ঢলে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ মারাত্মকভাবে বিঘ্নিত হয়। পর্যটক ও জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রশাসন সাময়িকভাবে বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে। সে সময় সাজেকে পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়েন। পরে সেনাবাহিনীর সহায়তায় তাদের নিরাপদে ফিরিয়ে আনা হয়।
এফপি/র