নিহত পর্যটকরা হলেন— ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বড় মানিকা এলাকার জহির উদ্দিনের ছেলে জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগ থানাধীন পোস্তা টিএসও এলাকার মো. চুন্নু গাজীর মেয়ে রোকাইয়া আক্তার (৩০)।
বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডংয়ের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত প্রায় ১১টার দিকে রুমা-কেওক্রাডং সড়কের বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পর্যটকরা হলেন— ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বড় মানিকা এলাকার জহির উদ্দিনের ছেলে জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগ থানাধীন পোস্তা টিএসও এলাকার মো. চুন্নু গাজীর মেয়ে রোকাইয়া আক্তার (৩০)।
পর্যটক গাইডের বরাত দিয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, গত বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ছয়টি মোটরসাইকেলে মোট ১০ জন পর্যটক ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে রওনা হয়ে রুমা উপজেলায় পৌঁছান। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা বগালেক এলাকায় এসে একটি কটেজে রাত্রিযাপনের জন্য ওঠেন।
তিনি আরও জানান, 'ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে ১০ জন পর্যটক বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। সেখানে ছবি তোলা শেষে আটজন ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেলে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনের দিকে চলে যান।'
ওসি বলেন, সঙ্গে থাকা গাইড মো. ইসমাইল সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি বগালেক আর্মি ক্যাম্পে জানান। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে তল্লাশি অভিযান শুরু হয়। রাত প্রায় ১১টার দিকে ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে ওই দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।
মানস বড়ুয়া বলেন, 'বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।'
এফপি/র