নীলফামারীর ডিমলায় মাছ ধরতে পুকুরের পানি সেচতে গিয়ে শাকিব ইসলাম (২৩) নামে এক যুবকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়ার বড়জুম্মা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আজিজুল হকের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মাছ ধরার জন্য পুকুরের পানি সেচার সময় সেচপাম্পের তারে শাকিব বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এফপি/র